আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-১২ , ০৯:৪৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পঞ্চম দফার সেনা কর্মকর্তাসহ আরও চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বিকেল ৩টায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর।
মামলার বিচারিক কার্যক্রমের পঞ্চম দফায় আজ যাদের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে তারা হলেন, সেনা কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল ইমরান, পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল সিকদার, সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ও কনস্টেবল শুভ পাল।
৩২তম সাক্ষী সেনা কর্মকর্তা ইমরানের সাক্ষ্যগ্রহণ মধ্য দিয়ে আজ এ মামলার কার্যক্রম শুরু হয়। পরে আরও তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এ নিয়ে মোট ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে কড়া পুলিশি পাহারায় আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, আজ নয়জনের সাক্ষ্যগ্রহণের জন্য উপস্থিত রাখা হয়েছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবীদের অনীহার কারণে চারজনের সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়েছে।
এ ছাড়া মামলার দুই নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতকে রিকল করার আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় সে সময় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.