সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের মামলার রায় আজ

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-১২ , ০৭:৫০ এএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের মামলার রায় আজ ছবি: সিটিজেন নিউজ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। গত ৪ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন।

আজ রায় ঘোষণার সময় বাবরকে আদালতে হাজির করা হবে। তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করবেন। 

এর আগে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি দুদক বাবরের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে। এরপর দুদকের উপপরিচালক রুপক কুমার সাহা তদন্ত শেষ করে ওই বছরের ১৬ জুলাই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে সাত কোটি পাঁচ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, বাবর দুদকে ছয় কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। তাঁর অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংকে দুটি এফডিআরে ছয় কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা গোপনের কথা উল্লেখ করা হয়।