আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-১০ , ০৪:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মাদক মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি। তবে, দেরিতে আদালতে উপস্থিত হওয়ায় তাকে সতর্ক করেন বিচারক। একই সঙ্গে মামলাটি বিচারিক আদালতে বদলির আদেশ দেন।
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে আজ রবিবার আদালতে হাজির হন পরীমনি। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বেলা আড়াইটায় আদালতে আত্নসর্মপণ করে জামিন আবেদন করেন পরীমনি।
পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত সিকদারের আদালত পরীমনিসহ তিন আসামির জামিন মঞ্জুর করেন। এ সময় সিআইডির দেয়া অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারিক আদালতে বদলির আদেশন আদালত।
আদালতের আদেশ অনুযায়ী আজ নায়িকা পরীমনিসহ তিন আসামির জামিনের মেয়াদ শেষ হয়। সে অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে পরীমনির পক্ষে আত্নসর্মপণ করে জামিনের আবেদন জানান তার আইনজীবী নিলাঞ্জনা রিফাত।
তবে, ঘন্টাখানেক পেরিয়ে গেলেও পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্র ও পরীমনির আইনজীবীর অনুপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় পরীমনির আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত বেলা আড়াইটায় শুনানির সময় ঠিক করেন।
পরে বেলা সোয়া একটার দিকে আদালতে হাজির হন পরীমনি ও তার দুই সহযোগী দিপু ও কবির হোসেন। আর বেলা আড়াইটার সময় শুরু হয় শুনানি।
পরীমনি সময়মতো উপস্থিত না হওয়ায় আদালত তাকে সর্তক করেছেন বলেও জানান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। এদিকে, যানজট থাকায় পরীমনি আদালতে আসতে দেরি হয়েছে বলে জানান তার আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী।
এদিন পরীমনির বিরুদ্ধে দেয়া মাদক মামলার অভিযোগপত্রের নকলের কপির জন্য তার আইনজীবীরা আবেদন করলেও সেটি খারিজ করেন আদালত।
গত ৩১শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত জামিন দেয় পরীমনিকে। ৫০ হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত এই নায়িকার জামিন আবেদন মঞ্জুর করা হয়। পরদিন ১লা সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।
চলতি বছরের ৪ঠা আগস্ট বিকেলে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ পরীমনিকে তার বাসা থেকে আটক করে র্যাব। পরদিন ৫ই আগস্ট পরীমনি ও তার দুই সহযোগিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় তিন দফায় রিমান্ডে ছিলেন পরীমনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.