অভিযান র‌্যাব-৭: আবারও ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-০২ , ০৯:০০ এএম

অভিযান র‌্যাব-৭: আবারও ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ ছবি: সিটিজেন নিউজ

একদিনের ব্যবধানে আবারও ১৫ কোটি টাকার একটি বিশাল ইয়াবার চালান জব্দ করল র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল। বান্দরবানের আলীকদম উপজেলার উত্তর পালং এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৫ লাখ ইয়াবা। এ ঘটনায় দুজনকে আটক করে র‌্যাব। উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানায় র‌্যাব।

শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

গ্রেফতার দুজন হলেন- মো. মনির (২৩) ও মো. সাইফুল ইসলাম (১৯)।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে প্রায় ১২ কোটি টাকার ইয়াবা জব্দ করে। উদ্ধারকৃত ইয়াবার পরিমান ছিল তিন লাখ ৯৬ হাজার পিস। ওই ঘটনায় ১২ জন রোহিঙ্গাসহ ১৪ জনকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, ইয়াবার একটি বড় চালান মাদককারবারিরা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে বান্দরবানের আলীকদম উপজেলার উত্তর পালং এলাকায় মাটির নিচে ড্রামের ভেতর লুকিয়ে রেখেছিল।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, গোপন সংবাদে জানতে পারি, মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে এনে বান্দরবানের আলীকদম থানার উত্তর পালং পাড়া এলাকায় মজুত করেছে। এরপর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, তাদের হাতে থাকা ব্যাগের ভেতর থেকে ৪৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, উত্তর পালং পাড়ার একটি বাড়ির পেছনে মাটির নিচে বিশেষ কায়দায় রাখা ড্রামের ভেতর থেকে আরও ৪ লাখ ৪৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।