বায়েজিদে ভোজ্যতেলের কারখানা সিলগালা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৯-২২ , ০৯:৩১ এএম

বায়েজিদে ভোজ্যতেলের কারখানা সিলগালা ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার কুলগাঁও তালুকদার বাড়ির এসএ ট্রেডার্স নামের একটি ভোজ্য তেলের কারখানা সিলগালা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চট্টগ্রাম মেট্রোর তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা ‌অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায়  ১ লাখ ৩০ হাজার টাকা প্রশাস‌নিক জ‌রিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, বিএস‌টিআই'র অনুমোদন না নিয়ে সয়া‌বিন, পাম ও সরিষার তেল বোতলজাতকরণ, বিএস‌টিআই'র অনুমোদনবিহীন মানচিহ্ন ব‌্যবহার ও নোংরা অস্বাস্থ‌্যকর প‌রিবেশে তেল বোতলজাত করায় সিলগালাসহ কারখানাটি সাম‌য়িক বন্ধ করা হয়।

৩ প্রতিষ্ঠানের মধ্যে বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার রমজান বেকা‌রিকে নোংরা ত্রিপল ব‌্যবহার ক‌রে খাদ‌্যদ্রব‌্য সংরক্ষণ, মোড়কে উৎপাদন-‌মেয়াদ না দেওয়ায় ৩০ হাজার টাকা জ‌রিমানাসহ নোংরা ত্রিপল ধ্বংস করা হয়।

টেক্সটাইল মোড় এলাকার নিশাত ফুডকে বেকা‌রি প‌ণ্যের মোড়কে যথাযথ তথ‌্য না থাকা, খাদ‌্যদ্রব‌্য উৎপাদনে ছাপা নিউজপ্রিন্ট ব‌্যবহার, অপ‌রিচ্ছন্ন প‌রি‌বেশ ও গরুর চামড়া প্রক্রিয়ায় ব‌্যবহার্য‌ আ‌য়ে‌ডিন‌ বিহীন লবণ ব‌্যবহার করায় ৬০ হাজার জ‌রিমানাসহ ১৫ কেজি আ‌য়ে‌ডিন বিহীন লবণ ধ্বংস করা হয়। এবং অক্সিজেন মো‌ড়ের হাজী ওয়াজেদ অ্যান্ড সন্স‌কে জ্বালানি তেল (অক‌টেন) বিক্রির সময় প‌রিমাপে কারচু‌পি করায় ৪০ হাজার জ‌রিমানাসহ সতর্ক করা হয়।