'প্রাথমিক সমাপনী পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরে নেয়ার চিন্তা'

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৯-০৬ , ০৪:১৬ পিএম

'প্রাথমিক সমাপনী পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরে নেয়ার চিন্তা' ছবি: ইন্টারনেট

পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বরে প্রাইমারি স্কুলের সমাপনী পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রথম থেকে চতুর্থ শ্রেণির ক্লাস একদিন করে নেওয়া হবে, আর পঞ্চম শ্রেণির ক্লাস হবে ছয়দিন। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আয়োজন করা হবে।

তিনি আরো জানান, পররিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ছয়টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হতে পারে। তা সম্ভব না হয় তবে বিষয় কমিয়ে আনা হতে পারে। শিক্ষা কার্যক্রম নিয়মিত চালিয়ে নেওয়া সম্ভব হলে ডিসেম্বরে সকল ক্লাসের বার্ষিক পরীক্ষা সমাপ্ত হবে। তার সঙ্গে শিক্ষার্থীদের বাসার কাজ নিয়মিত করানো হবে।

এর আগে, করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাস্থ্যবিধি মেনে এ বছরের নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও সশরীরে পাঠদানের ক্ষেত্রে তিনটি নির্দেশনা দেয়া হয়েছে। শ্রেণিকক্ষে বেঞ্চ সাজাতে হবে ৩ ফুট দূরত্ব বজায় রেখে। ৫ ফুটের কম দৈর্ঘ্যের বেঞ্চে একজন শিক্ষার্থী এবং ৫ ফুটের বেশি দৈর্ঘ্যের বেঞ্চে দুজন শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে। শ্রেণিকক্ষে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সর্বশেষ আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই সাধারণ ছুটি বিদ্যমান ছিলো।