স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১৬ , ০৮:৫৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে সরকারিভাবে করোনাভাইরাসের টিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে চীনের সঙ্গে টিকা উৎপাদনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের অনেক টিকার প্রয়োজন। চীনের সিনোফার্মের টিকা দেশে উৎপাদন হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশেই টিকা তৈরির নির্দেশনা দিয়েছেন। দেশের চাহিদা মিটিয়ে অন্যান্য দেশেও টিকা রপ্তানি করা হবে।
জাহিদ মালেক আরও বলেন, এক কোটি টিকা আমাদের হাতে আছে। ১৩ কোটি মানুষকে (৮০ শতাংশ) দুই ডোজ করে টিকা দিতে মোট ২৬ কোটি ডোজ টিকা প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা নিজেরাই টিকা উৎপাদনের প্রস্তুতি নিচ্ছি।
এর আগে করোনাভাইরাসের টিকা বাংলাদেশে উৎপাদনের লক্ষ্যে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে অংশ নেওয়া তিনটি পক্ষ হলো- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও সিনোফার্ম।
চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, চীনের রাষ্ট্রদূত লি জিমিং, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শোকের এ মাসে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত হলো। এই চুক্তির মধ্য দিয়ে দ্রুতই ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন শুরু করবে।
দেশে এ পর্যন্ত সিনোফার্মের টিকা এসেছে এক কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডোজ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে এক কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৩০০ ডোজ, ফাইজারের এক লাখ ৬২০ ডোজ এবং মডার্নার ৫৫ লাখ ডোজ। এর মধ্যে সব মিলিয়ে শনিবার পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে দুই কোটি ৮ লাখ ৮৯ হাজার ৯২৮ ডোজ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.