চট্টগ্রামের হাসপাতালে শয্যা সংকট

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-০২ , ০৯:৩৩ এএম

চট্টগ্রামের হাসপাতালে শয্যা সংকট ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে করোনা রোগী বাড়তে থাকায় সরকারি-বেসরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। সাধারণ রোগের চিকিৎসা সেবা সীমিত করে অনেক হাসপাতালে করোনার শয্যা সংখ্যা বাড়ালেও সংকট কাটছে না। সংক্রমণ নিয়ন্ত্রণে নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

গেলো দু সপ্তাহ জুড়ে চট্টগ্রাম নগরীতে করোনা সংক্রমণের হার ত্রিশের কোটা থেকে নামছেই না। টানা সাত দিন ধরে আক্রান্তের সংখ্যা হাজারের উপরে। চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালের করোনার শয্যা রোগীতে পরিপূর্ণ। নন কোভিড চিকিৎসাসেবা সীমিত করে দিয়ে অনেক হাসপাতালে করোনার শয্যা বাড়িয়েও সংকট কাটছে না। রোগী ভর্তির জন্য স্বজনরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছে।

চিকিৎসকরা বলছেন, শ্বাসকষ্ট নিয়ে নগরীর  বাইরে থেকে আসা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

এ অবস্থায় নগরীর বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে এগিয়ে আসতে আহ্বান জানান চট্টগ্রাম বিভাগীয় সরকারি বেসরকারি হাসপাতাল ব্যবস্থাপনা মনিটরিং কমিটির আহবায়ক মোঃ  মিজানুর রহমান।

চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি করোনার সংক্রমণ রোধে নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান চিকিৎসকরা।