আজ পর্দা উঠছে টোকিও অলিম্পিকের

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-০৭-২৩ , ১০:১৮ এএম

আজ পর্দা উঠছে টোকিও অলিম্পিকের ছবি: সিটিজেন নিউজ

কোভিড সংক্রমণের শঙ্কা উড়িয়ে আজ পর্দা উঠছে 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিকের। আসরের নামকরণ হয়েছে টোকিও অলিম্পিক-২০২০। করোনায় এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা উঠছে শুক্রবার। এ পর্দা নামবে ৮ আগস্ট। ২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের অলিম্পিকে।

টোকিও অলিম্পিক ভিলেজে নতুন করে ১২ জন কোভিড পজিটিভ হয়েছেন।  এর মধ্যে অ্যাথলেট আছেন ২ জন।  ফলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮৭ জনে। এরই মাঝে নতুন খবর, হলোকাস্ট নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বরখাস্ত করা হয়েছে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেন্তারো কোবায়াসিকে।

এদিকে, জরুরি অবস্থার মাঝে অলিম্পিক হওয়ায় টোকিও শহরে চলছে বিক্ষোভও। কিন্তু সবকিছু একপাশে সরিয়ে রেখে আজ বিকেল ৫টায় জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে টোকিও অলিম্পিকের।

তবে, শুরুর একদিন আগে ফের বিতর্ক। আর তার জেরে সরিয়ে দেয়া হলো উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক কেন্তারো কোবায়াসিকে। ২৩ বছর আগের একটি ভিডিও নিয়েই এই বিতর্ক। সেই ভিডিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনযজ্ঞ নিয়ে মজা করেছেন কেন্তারো।  এ নিয়ে বিতর্ক শুরু হলে ক্ষমাও চান তিনি। তবে শেষ রক্ষা হয়নি তার।