বাংলাদেশ-জিম্বাবুয়ে ২য় ওয়ানডে আজ

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-০৭-১৭ , ০৯:২৭ পিএম

বাংলাদেশ-জিম্বাবুয়ে ২য় ওয়ানডে আজ ছবি: সিটিজেন নিউজ

প্রথম ওয়ানডে জিতে ফুরফুরে টিম বাংলাদেশ। অনুশীলনে না নামলেও টিম হোটেলেই পরিকল্পনা আটছে তামিমের দল। অপেক্ষায় থাকতে চায় না, ধারাবাহিকতা ধরে রেখে নিশ্চিত করতে চায় সিরিজ।

অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে চাইবে সিরিজে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না ক্যাপ্টেন ব্রেন্ডন টেইলর। কাল দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

এই সিরিজের আগে হারারেতে ১৭ ম্যাচের এগারোটাই হেরেছে টাইগাররা। গেল আট বছরে কতটা উন্নতি করেছে তার প্রমাণ প্রথম ম্যাচে ১৫৫ রানের বিশাল জয়। তবে ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তা রয়েই গেছে। টপ আর মিডল অর্ডারে রান নেই। দুই সিনিয়র সাকিব-তামিমও ব্যর্থ হয়েছেন প্রথম ম্যাচে। সেখান থেকে বেরিয়ে আসতে চায় দল।

এদিকে, হাতে চোট পাওয়া লিটন ফিট,  মুস্তাফিজের নেই ম্যাচ ফিটনেস। তাইতো একাদশে পরিবর্তনের কোন আভাস নেই। দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির পর আরও একটি মাইলফলকের সামনে সাকিব। আর মাত্র ২৬ রান করলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ হবে এ টাইগার অলরাউন্ডারের।

অন্যদিকে ভালো অবস্থানে নেই হোস্টরাও। বোলিংয়ে দুর্দান্ত করলেও ব্যাটিং বিভাগে ধুকছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। জয়ে ফিরতে মরিয়া ব্রেন্ডন টেইলরের দল।