টিকা পেতে প্রবাসীদের ভোগান্তি

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-১৪ , ০৮:৫৬ পিএম

টিকা পেতে প্রবাসীদের ভোগান্তি ছবি: সিটিজেন নিউজ

সৌদি আরব প্রবাসীদের জন্য একমাত্র ফাইজারের টিকা গ্রহণযোগ্য। এ কারণে সরকারের পক্ষ থেকে সৌদি রেমিটেন্স যোদ্ধাদের জন্য ফাইজারের টিকার ব্যবস্থা করা হয়। তাই মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পেয়ে সারা দেশ থেকে হাজার হাজার প্রবাসী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হন।

কিন্তু ৭৫০ জন প্রবাসীকে টিকা দেওয়ার পর হাসপাতাল থেকে বলা হয়, ফাইজারের টিকা শেষ। ফাইজারের টিকা পেতে শুরু হয় শ্রমিকদের বিক্ষোভ।

আজ বুধবার ভোর ৫টা থেকে সারা দেশ থেকে হাজার হাজার সৌদি প্রবাসী ফাইজারের টিকা নিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন।

প্রবাসীরা জানান, হাসপাতাল থেকে মোবাইলে এসএমএস পেয়ে মাইক্রোবাস বা প্রাইভেট কারে আট থেকে ১০ হাজার টাকা করে ভাড়ায় টিকা নিতে আসেন তারা। কিন্তু লাইন ধরে দাঁড়ানোর পর দুপুরের দিকে ঘোষণা দেওয়া হয়, টিকা শেষ হয়ে গেছে। এ সময় শ্রমিকদের মডার্নার টিকা নিতে বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সৌদী প্রবাসীরা।

পরে মডার্নার টিকা নিয়েও সৌদি আরব যাওয়া যাবে এমনটা বোঝাতে গেলে তোপের মুখে পড়েন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান। দুই ঘণ্টারও বেশি সময় ধরে প্রবাসীরা হাসপাতালে বিক্ষোভ করেন।

এ পর্যায়ে সারা বিশ্বে মডার্নার টিকা গ্রহণযোগ্য এ মর্মে ঘোষণার পর প্রবাসীরা মডার্নার টিকা নিতে রাজি হন। পরে উপস্থিত সবাইকে টিকা দেওয়া পুনরায় শুরু হয় এবং তাদের মডার্নার টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।  

সৌদি প্রবাসী এক শ্রমিক বলেন, গতকাল বিকেল ৪টার দিকে তিনি এসএমএস পেয়েছিলেন। পরে রাতে একটি প্রাইভেট কার ভাড়া করে ঢাকায় আসেন। কিন্তু দুপুরে হাসপাতাল থেকে বলা হয়, টিকা শেষ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

চট্টগ্রাম থেকে আসা অপর শ্রমিক জানান, তার ভিসার মেয়াদ ১৩ আগস্ট পর্যন্ত। এ সময়ে টিকা ডোজ সম্পন্ন করতে না পারলে তার সব কিছুই শেষ হয়ে যাবে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকাদান কেন্দ্রে আসা অনেক প্রবাসী জানান, টিকা পেতে তাদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। টিকা না পেয়ে হাসপাতালের সিড়িতে বসে থাকতেও দেখা গেছে অনেককে। দূর-দূরান্ত থেকে ঢাকায় এসে প্রবাসীদের টিকা নিতে হচ্ছে, তাই টিকা নেওয়ার অন্তত দুইদিন আগে যেন এসএমএস পাঠানো হয়, সেই দাবিও জানান তারা।