বায়েজিদে ৮ মামলায় অস্ত্রসহ গ্রেফতার ১৫ জন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-১৩ , ১১:০৮ এএম

বায়েজিদে ৮ মামলায় অস্ত্রসহ গ্রেফতার ১৫ জন ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানায় ৮ অস্ত্র মামলায় ১৫ জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। গ্রেফতার হওয়া ওই ১৫ জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশিয় অস্ত্র, গুলি, ছুরি, রামদা ও কিরিচ।

এসব অস্ত্র মামলায় যাদের গ্রেফতার করা হয়েছে, তারা পেশাগত অস্ত্রধারী এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেন, বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামরুজ্জামান।

ওসি কামরুজ্জামান সিটিজেন নিউজকে বলেন, আমি যোগদানের পর থেকে বায়েজিদ থানা এলাকায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজি বন্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করি। এসব অভিযানে এ পর্যন্ত কেবল অস্ত্র মামলায় ১৫ জনকে অস্ত্র, গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা পেশাদার অস্ত্রধারী।

গত দুই মাসে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন-মো. বেলাল (৩৬), আনোয়ারুল করিম জিসান (২৩), মো. আব্দুর রহিম আলভি (২৩), শেখ ফয়সাল আলম রাব্বি (৩০), ফয়সাল (২২), মো. রুবেল (২০), মো. রাজু (২০), মো. সাইফুল ইসলাম (৩৫), মো. সুজন (৩০), মো. ইকবাল হোসেন প্রকাশ সোহেল (২৯), সুলতান (৩৪), মো. রিপন মিয়া (৩৮), মো. আকরাম হোসেন (৪০), তারেকুল ইসলাম প্রকাশ জয় (২০). আরফাত হোসেন প্রকাশ রনি (২০)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে-দেশিয় এলজি (বন্দুক) ৩টি, বন্দুকের গুলি ১১টি, ছুরি ৫টি, রামদা ও কিরিচ (ধারালো অস্ত্র) ১টি করে ২টি।

গ্রেফতাকৃত এসব অস্ত্রধারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার কথাও জানান ওসি। তিনি বলেন, এসব অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন ব্যবসায়ী এবং বাড়ি নির্মাণকারী ও প্রবাসীদের কাছ থেকে চাঁদা দাবি করতো। এছাড়া উঠতি বয়সের কিছু কিশোর (কিশোর গ্যাং) এলাকায় তাদের বিশৃঙ্খলার ক্ষমতা জানান দিতে বিভিন্ন সময়ে মারামারি করতে গিয়ে এসব দেশিয় অস্ত্র এবং ছুরির ব্যবহার করে থাকে।

ওসি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন রয়েছে যারা কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত।

এক প্রশ্নের জবাবে ওসি কামরুজ্জামান সিটিজেন নিউজকে বলেন, অস্ত্র ও অস্ত্রের ব্যবহার, মাদক, চাঁদাবাজিসহ কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দশনায় ব্যাপক তৎপর রয়েছে। অব্যাহত রয়েছে গোয়েন্দা তৎপরতাও।

যেখানে অস্ত্র, মাদক বেচাকেনা, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারি কিশোর গ্যাং বা এরুপ- এলাকার জনসাধারণের এমন কোনও তথ্য থাকলে নির্ভয়ে, নির্দ্বিধায় ওসি বায়েজিদ বোস্তামী, সহকারী পুলিশ কমিশনারকে (এসি-বায়েজিদ জোন) জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন ওসি কামরুজ্জামান এবং এসি শাহআলম।

সহকারী পুলিশ কমিশনার (এসি-বায়েজিদ জোন) শাহআলম সিটিজেন নিউজকে বলেন,নাগরিক সেবা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অস্ত্র ব্যবহারকারী, মাদক সেবন ও বেচাকেনা, চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ নজরদারী ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, স্থানীয়ভাবে এসব অপরাধ দূর করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারনেরও ভূমিকা রাখা জরুরি।

এছাড়াও অস্ত্র, মাদক, জঙ্গীসহ অপরাধীদের বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রদানকারীদের জন্য আর্থিক পুরস্কারের কথাও জানান বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি-বায়েজিদ জোন)।