ইতিহাস গড়ে ইউরোর প্রথম ফাইনালে ইংল্যান্ড

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৮ , ০৮:০০ এএম

ইতিহাস গড়ে ইউরোর প্রথম ফাইনালে ইংল্যান্ড ছবি: সিটিজেন নিউজ

৫৫ বছরের অপেক্ষার অবসান হলো ইংল্যান্ডের। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় ডেনমার্ককে ২-১ গোলে হারালো থ্রি লায়নরা। ফলে ১৯৬৬ বিশ্বকাপের পর আবারো কোনো বৈশ্বিক আসরের ফাইনালে উঠলো ইংল্যান্ড। আর এই হার দিয়ে শেষ হলো ডেনমার্কের এবারের ইউরোর স্বপ্নযাত্রা।

অনেক ইতিহাসই বিপক্ষে ছিলো ইংল্যান্ডের। ডেনমার্কের বিপক্ষে প্রায় দুই দশক কোনো জয় ছিলো না থ্রি লায়নদের। কিন্তু এসব সমীকরণ আর প্রত্যাশার অসীম চাপকে মাটি চাপা দিয়ে দুর্দান্ত এক জয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম ইউরো ফাইনালে ইংল্যান্ড।

ম্যাচের ৩০ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পায় অতিথিরা। ওয়েম্বলির গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন ডেনমার্কের  ২১ বছর বয়সী উইঙ্গার মিকেল ড্যামসগার্ড। লিড পায় ক্রিশ্চিয়ান এরিকসনের দল। আসরে প্রথমবারের মতো ভাঙন ধরে ইংল্যান্ডের ডিফেন্সে। গোল হজম করেন জর্ডান পিকফোর্ড।

অবশ্য এক গোল হজম করে তেতে ওঠে ইংল্যান্ড। বাড়ায় আক্রমণ। ৩৮ মিনিটে হ্যারি কেইন দারুণ এক পাস দেন রাহিম স্টারলিংকে। এই ম্যান সিটি তারকা শটও নেন পোস্টে। কিন্তু ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল অসীম বীরিত্বে রুখে দেন সেই গোল।

তারপর মিনিটেই আবারো একই ভাবে আক্রমণে যায় ইংল্যান্ড। এবারো কেইনের বাড়ানো বল যায় বুকায়ো সাকার কাছে। তিনি বল বাড়ান স্টারলিংয়ের কাছে। স্টারলিং বল স্পর্শ করার আগেই তা রুখতে গিয়ে জালে পাঠিয়ে দেন ডেনমার্ক অধিনায়ক সিমন কায়ের। সমতা আনে ইংল্যান্ড।  প্রাণ ফিরে আসে ওয়েম্বলিতে আর সেখানে থাকা ইংল্যান্ড দর্শকদের।