সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৬ , ০৮:০০ এএম
ছবি: সিটিজেন নিউজ
কোভিড-১৯ অতিমারির ভয়াবহ সংক্রমণ ও মৃত্যু রোধে আক্রান্তদের চিকিৎসা সেবা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে সরকার একদিন এক হাজার ৩০০ চিকিৎসকে দেশের বিভিন্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে বদলি করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৪৩টি প্রজ্ঞাপনে জারি করা অফিস আদেশে বিভিন্ন মেডিকেল কলেজ ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৩০০ চিকিৎসককে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের করোনা ইউনিটে বদলি করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপন জারি করা হয়।
আদেশে বলা হয় কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আদেশে আরও বলা হয় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদায়ন করা চিকিৎসকগণ করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। করোনা ইউনিটে বদলি করা এসব চিকিৎসককে ৭ জুলাইয়ের মধ্যে পদায়নকরা কর্মস্থলে যোগদানের নির্দেশও দেয়া হয়েছে।
একই সঙ্গে তাদের স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের নিকট যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে এবং প্রতিষ্ঠান প্রধানদের ওইসব যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ই-মেইলে (per1@hsd.gov.bd) আবশ্যিকভাবে প্রেরণ করতে বলা হয়েছে। তবে নতুন বদলি হওয়া চিকিৎসকদের তাদের বেতন-ভাতা পূর্ববর্তী কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে উত্তোলন করতে হবে।
স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ি, সর্বোচ্চ সংখ্যক চিকিৎস বদলি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। চিকিৎসা শিক্ষার এই প্রতিষ্ঠান থেকে ১৫৬ জন কর্মকর্তাকে (চিকিৎসক) আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ১২২ জন, কুমিল্লা মেডিকেল কলেজের ১০২ জন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ৯১ জন, রংপুর মেডিকেল কলেজের ৭১ জন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের ৬৩ জন, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ৫৭ জন চিকিৎসককে দেশের বিভিন্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে বদলি করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.