সাড়ে ২২ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৩ , ০৭:৫৯ এএম

সাড়ে ২২ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে ছবি: সিটিজেন নিউজ

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের সাড়ে ২২ লাখ ডোজ করোনার ভ্যাকসিন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

এর এক ঘণ্টা পর রাত ১২.৩৫ মিনিটে চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিভিন্ন উৎস থেকে মোট ১০ কোটি ডোজ টিকা সংগ্রহ করবে সরকার। ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা আগামী মাস থেকে পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

কোভ্যাক্স থেকে টিকা পাওয়ায় জোটের প্রধান অংশীদার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া টিকা বাইডেন প্রশাসন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, সকালে আরেক দফায় সিনোফার্মের আরও ১০ লাখ এবং মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় আসার কথা রয়েছে।