বায়েজিদে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার; গ্রেফতার ২

 নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২১-০৬-২৭ , ০৮:৩৩ পিএম

বায়েজিদে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার; গ্রেফতার ২ ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুন) সকাল ১০টায় বায়েজিদ থানার আতুরারডিপো এলাকার হাজী এমদাদের বিল্ডিংয়ের ৪র্থ তলা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দুজন হলেন, রবিউল হোসেন (২৭) এবং রাসেল প্রকাশ সুমন (২২)।

এ ঘটনায় জড়িত থাকা আরেক আসামী পালিয়ে গেলেও তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানায় বায়েজিদ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মি. শাহআলম।

উদ্ধার হওয়া শিহাব উদ্দিন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মোল্লাপাড়ার গোলাম মোস্তফার ছেলে।

মি. শাহআলম সিটিজেন নিউজকে বলেন, গত ২৫ জুন রাতে মো. শিহাব উদ্দিন (ভিকটিম)হাটহাজারী মাদ্রাসায় ইফতা (মুফতি) বিভাগে ভর্তি হওয়ার উদ্দেশ্যে ঢাকা হইতে রওয়ানা হয়। শিহাব চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় এসে পৌঁছে রাত সাড়ে ১২টায়।

তিনি বলেন, শিহাব অক্সিজেন এলাকায় পৌঁছার পর অজ্ঞাতনামা কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর শিহাবের মামা (মামলার বাদী) মীর মুনির হোসেনকে ফোন দিয়ে ২লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

সহকারী পুলিশ কমিশনার (এসি) মি. শাহআলম বলেন, বাদীর অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নগরীর কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত শিহাব উদ্দিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এবং এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মি. কামরুজ্জামান সিটিজেন নিউজকে বলেন, মীর মুনির হোসেন নামে একজনের অভিযোগ করেন যে, তার ভাগিনা মো. শিহাব উদ্দিনকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে। এমন সংবাদ ভিত্তিতে ওই রাতেই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়।

মি. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় আসমীদের হেফাজত থেকে নগদ টাকা, ১টি স্বর্ণের আংটি, ৭টি ঘড়ি, ৩টি মোবাইল ফোন, ১টি চার্জারসহ ওয়াকিটকি ও ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আসামীরা সক্রিয় ছিনতাইয়ের সাথে জড়িত জানিয়ে ওসি বলেন, তাদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ, বায়েজিদসহ সীতাকুণ্ড থানায় একাধিক অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অপহরণ ও মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।