নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৫-০৩ , ০৬:৫৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে থেমে থাকা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ আছেন। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।
আজ সোমবার সকাল সাতটার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ২৫ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা গেছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। হতাহতদের তাৎক্ষনিকভাবে নাম পরিচয় জানা যায়নি।
এদিকে, মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় স্পিডবোট ও বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষে নিহতের ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান,মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল।
স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে স্পিডবোটটি উল্টে যায়। এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, মাদারীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলামকে কমিটির প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.