খালেদা জিয়ার বিষয়ে ডাক্তার যেসব পরামর্শ দিলেন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-১৬ , ০৯:২৭ এএম

খালেদা জিয়ার বিষয়ে ডাক্তার যেসব পরামর্শ দিলেন ছবি: সিটিজেন নিউজ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফুসফুসে খুব কম মাত্রার সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি'র ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে খালেদা জিয়াকে সিটি স্ক্যান শেষে গুলশানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রফেসর ড. এস এম সিদ্দিকীর নেতৃত্বে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এরআগে তিনি বলেছিলেন, ওনার সিটিচেস্ট করানোর প্রয়োজন। সে ধারাবাহিকতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ওনার সিটিচেস্ট পরীক্ষা করানো হলো।

পরীক্ষার প্রাথমিক রিপোর্ট বলছে, অত্যন্ত কম মাত্রায় ওনার ফুসফুসে সংক্রমণ হয়েছে, চিকিৎসকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী চিকিৎসা দেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।

তিনি আরও বলেন, ১২ থেকে ১৪ দিন পার হওয়ার আগে তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। তবে তাকে এখন থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। আল্লাহর অশেষ রহমতে, অন্যদের যে পরিমাণ লক্ষণ বা উপসর্গ থাকে, ওনার সেটা ছিলো না। অত্যন্ত কম মাত্রায় সংক্রমণ হয়েছে।

আজ পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়া যাবে। প্রয়োজনে বাসায় কিংবা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো সময়, যেকোনো পদক্ষেপ যেনো গ্রহণ করতে পারি সে প্রস্তুতি আমাদের রয়েছে।