সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৩-৩০ , ১০:০৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
গণপরিবহণে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে বিআরটিএ।ইতিমধ্যে এ বিষয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে পরিবহণ মালিকরা। এতে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর এটি কার্যকর করা হবে।
করোনা সংক্রমণ রোধে সরকারি ১৮টি নির্দেশনার পর রাতে বিআরটিএ কার্যালয়ে পরিবহণ মালিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয়।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, 'গতবছর কোভিডের কারণে ৬০ শতাংশ ভাড়া বর্ধিত করে গণপরিবহণ চলাচলের ক্ষেত্রে যে সিদ্ধান্ত ছিলো আমরা এবারও পূর্বের সিদ্ধান্তের সঙ্গে একমত। একই প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ) অনুরোধ জানিয়েছি।
এ বিষয়ে বিআরটিএ'র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, 'ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহণ চলাচলের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন এ বিষয়টি সরকারের কাছে পাঠানো হবে।' দুই একদিনের মধ্যে এ বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলেও জানান বিআরটিএ'র চেয়ারম্যান।
তিনি আরও বলেন, 'করোনার বর্তমান পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে গণপরিবহণে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। গণপরিবহনের ধারণ ক্ষমতার ৫০ শতাংশের অধিক যাত্রী নেওয়া যাবে না মর্মে নির্দেশনা রয়েছে। পাশাপাশি আরও একটি নির্দেশনা হচ্ছে, করোনার ঝুঁকি রয়েছে এমন এলাকায় গণপরিবহন চলাচল শিথিল বা প্রয়োজনে বন্ধ রাখতে হবে। তবে এ বিষয়টি ঠিক করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।'
এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে। এরমধ্যে, একটি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে-গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহণ করা যাবে না।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.