সাড়ে ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৩-২৭ , ১০:০৭ এএম

সাড়ে ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ছবি: সিটিজেন নিউজ

রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে আপাতত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন যাত্রা বিরতি করবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রেলওয়ের আখাউড়া নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাইন এখন ঠিক আছে। ট্রেন চলাচল শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রয়োজনীয় সরঞ্জাম ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে আপাতত এখানে কোন ট্রেন যাত্রাবিরতি করবে না।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস আজমপুর রেলওয়ে স্টেশন এবং আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ও মহানগর গোধূলি ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রথমে মহানগর গোধূলি ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

ওসি মাজহারুল করিম বলেন, এর আগে বিকেল ৪টার দিকে কয়েকশ মাদ্রাসাছাত্র ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা চালায়। তারা স্টেশনের প্যানেল বোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর তারা রেললাইনে অবস্থান নেয়।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরকে কেন্দ্র করে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন স্থানে মাদ্রাসা ছাত্রসহ মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান সড়ক টিএ রোডে মাদ্রাসা ছাত্ররা ব্যাপক বিক্ষোভ করে। এসময় প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষুব্ধরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করতে থাকে। পরে রেলস্টেশনে বিক্ষোভ করে আগুন ধরিয়ে দেয়। রেল স্টেশনের সিগন্যাল, মাস্টার রুম, কন্ট্রোল রুম অন্যান্য কর্মকর্তাদের কক্ষ ব্যাপক ভাঙচুর করে। সিগন্যাল বক্স ভেঙে ফেলায় ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের সাথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশ করার সময় বিক্ষুব্ধরা পাথর নিক্ষেপ করলে ট্রেনটি ফিরে যায়।