করোনা ভ্যাকসিনের অনস্পট রেজিস্ট্রেশন বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১১ , ০৪:২০ পিএম

করোনা ভ্যাকসিনের অনস্পট রেজিস্ট্রেশন বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী ছবি । সিটিজেন নিউজ

যেহেতু রেজিস্ট্রেশন সফলভাবে হচ্ছে তাই আজ (১১ ফেব্রুয়ারি) থেকে করোনা ভাইরাসের স্পট রেজিস্ট্রেশন করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।  বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পেপারলেস ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমাদের করোনা দূর করতে হবে। সংক্রমণের হার অনেক কমেছে। আমরা ভ্যাকসিনেশন শুরু করেছি। এখন পর্যন্ত ১০ লাখের বেশি লোক ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে। প্রায় পৌনে তিন লাখ লোক অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে গেছে। আজ হয়তো চার লাখ অতিক্রম করবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নানা ধরনের কথাবার্তা এবং গুঞ্জন ছিল। সব ধরনের কথাবার্তা ভুল প্রমাণ করে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে। যারা সবচেয়ে বেশি ভ্যাকসিনের বিরুদ্ধে সোচ্চার ছিল, এখন তারাই আগে গিয়ে ভ্যাকসিন নিচ্ছে। আমরা চাই সুষ্ঠুভাবে ভ্যাকসিন নেওয়া হোক।