রাজধানীতে ১৮ কোটি টাকা মূল্যের মূর্তিসহ ২জন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-১০ , ০৩:০১ পিএম

রাজধানীতে ১৮ কোটি টাকা মূল্যের মূর্তিসহ ২জন আটক ছবি । সিটিজেন নিউজ

রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-৪। বুধবার (১০ ফেব্রুয়ারি) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মিজানুর রহমান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।

জিয়াউর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদে মঙ্গলবার বিকেল ৪টার দিকে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। এসময় ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মহাদেব মূর্তি, চারটি মোবাইল এবং নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

র‍্যাব-৪-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আরও বলেন, আটক মিজানুর ও শহিদুল চোরাকারবারি দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ নিদর্শন সংগ্রহ করে তা দেশের বাইরে পাচার করে আসছিলেন। চোরাচালানের অভিযোগে মিজানুর ও শহিদুলের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা হয়েছে বলে জানায় র‍্যাব।