বিনোদন ডেস্ক:
আপডেট: ২০২১-০২-০৬ , ১২:৩৬ পিএম
কৃষক আন্দোলন নিয়ে টুইট করে নেটদুনিয়ার একাংশের রোষানলে পড়লেন সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কেউ হতাশা জাহির করেছেন, আবার কেউ ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন এই বর্ষীয়ান শিল্পীকে।
কৃষক বিক্ষোভের সমর্থনে পোস্ট করেছিলেন মার্কিন পপ তারকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা। এর বিরুদ্ধেই সরব হয়েছিলেন লতা মঙ্গেশকর, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, সুনীল শেঠি, করণ জোহররা।
ঐক্যবদ্ধ ভারতের কথা স্মরণ করিয়ে লতা মঙ্গেশকর লিখেছিলেন, ‘‘ভারত এক অপূর্ব দেশ। আমরা ভারতীয়রা মাথা উঁচু করে চলি। একজন গর্বিত ভারতবাসী হিসেবে আমার পূর্ণ বিশ্বাস, দেশের যে কোনও সমস্যা ও ইস্যুর সমাধান আমরা নিজেরাই করতে পারব দেশের মানুষের স্বার্থ মাথায় রেখে।’’
সংগীতসম্রাজ্ঞীর এই টুইট শেয়ার করেই টুইটারে রঙ্গ-রসিকতায় মেতেছেন অনেকে। কেউ লিখেছেন, “লতা দিদিকে কষ্ট করে টাইপও করতে হয়নি। যা বড় ভাই পাঠিয়েছিল, কপি করে দিয়েছেন।” কেউ আবার লিখেছেন, “ম্যাডাম কেন দেরিতে নিজের হোয়াটসঅ্যাপ চেক করলেন? ১ টাকা লেট ফি কাটা গেল।” এমনই টুইটে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
এদিকে বলিউডের কিছু তারকা আবার রিহানা, গ্রেটাদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে। একের পর এক টুইট করে চলেছেন তাপসী পান্নু এবং স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা। মধ্যপন্থা অবলম্বন করলেন বলিউডের ‘সুলতান’ সালমান খান। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে সিদ্ধান্ত নিলে সবার ভাল হবে, সেই সিদ্ধান্তই নেওয়া উচিত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.