কেরানীগঞ্জে ফোর মার্ডার: ৪ আসামির মৃত্যুদণ্ড বহাল

 আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২১-০২-০১ , ০১:১৮ পিএম

কেরানীগঞ্জে ফোর মার্ডার: ৪ আসামির মৃত্যুদণ্ড বহাল ছবি । সিটিজেন নিউজ

ঢাকার কেরানীগঞ্জে দুই শিশুসহ একই পরিবারের চারজনকে হত্যার দায়ে চার আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রবিবার (৩০ জানুয়ারি) এ বিষয়ে আসামিদের আপিল খারিজ ও ডেথ রেফারেন্স গ্রহণ করে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন- ডাকু সুমন, সিএনজি সুমন, নাসিরউদ্দিন ও জাকারিয়া ওরফে জনি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ রায়ের বিষয়টি জানিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা ও একেএম ফজলুল হক খান ফরিদ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, চার আসামি কারাগারে আছেন। আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রামাণিত হওয়ায় হাইকোর্ট ডেথ রেফারেন্স গ্রহণ করে আসামিদের করা পৃথক আপিল খারিজ করে রায় দিয়েছেন।

২০১৪ সালের ২২ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুরে সাজু, তার স্ত্রী রঞ্জি, তাদের সাত বছরের ছেলে ইমরান ও দুই বছরের মেয়ে সানজিদাকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করেন আসামিরা। ভাড়া বাসা থেকে দুদিন পর তাদের লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সাজুর ভাই বশিরউদ্দিন দক্ষিণ কেরানিগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় ২০১৫ সালের ২৬ নভেম্বর ঢাকার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়। এরপর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। অন্যদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল ও আপিল করেন। এসবের ওপর একসঙ্গে শুনানি নিয়ে রায় দেয়া হলো।