চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৬ , ০৪:৪০ পিএম

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত ছবি । সিটিজেন নিউজ

চাঁদপুরের কচুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান সবুজ (২৪) ও আরিফ হোসেন (২৫) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার রাত ৮টায় জেলার হাজীগঞ্জ-গৌরীপুর-কচুয়া সড়কের ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় মোটরসাইকেল ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান সবুজ হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে এবং আরিফ হোসেন একই উপজেলার জগন্নাথপুর গ্রামের জয়নাল আবেদীন খোকনের ছেলে। তারা দুজনে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

অপর দিকে দুর্ঘটনায় ইব্রাহীম হোসেন (১৯) নামে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলচালক ইব্রাহীম হোসেন তার অপর দুই বন্ধু কামরুল ও আরিফ হোসেনকে নিয়ে তার নানার বাড়ি কচুয়ার উপজেলার তুলাতলী গ্রামে এক জানাজা অনুষ্ঠানে যোগদান শেষে রাত ৮টার দিকে হাজীগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে নিলামপাড়া এলাকায় গৌরীপুরমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কামরুল হাসান সবুজ নিহত হয়। পরে ঢাকা নেয়ার পথে আরিফ মারা যায়। গুরুতর আহত ইব্রাহীমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কচুয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে। ট্রাক ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে।