কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-০২ , ১২:৪৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কক্সবাজারের চকরিয়ায় সৌদিয়া পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের সাথে ডাম্পার (মিনি ট্রাক) গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বলিরপাড়া আবাসন এলাকার শফিউল আব্বাসের ছেলে মো. মানিক (৩২) ও একই এলাকার সাহাব উদ্দিনের ছেলে তারেকুল ইসলাম বাবু (২০)।
নিহত মো. মানিক ডাম্পার গাড়ির ড্রাইভার ও তারেকুল ইসলাম বাবু ওই গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
আহতদের মধ্যে সাতজন বাসের যাত্রী ও একজন ডাম্পার গাড়ির শ্রমিক (লেবার)। গুরুতর আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতাল ও অন্যান্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত হয়েছেন ডাম্পার গাড়ির শ্রমিক মমতাজ আহামদ (২৮)। আহতদের মধ্যে বাকিরা হলেন- পার্বত্য লামা উপজেলার বাসিন্দা অতুল বড়ুয়া (২২), নিমিতা বড়ুয়া (১৮), লাচিং মং (২৮) ও সফুরা খাতুন (৬৫)। এছাড়া আহত অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ইট আনার জন্য পেকুয়া থেকে ডাম্পার গাড়ি নিয়ে লামা উপজেলার ফাইতং এলাকায় যাচ্ছিলেন মো. মানিক ও তার সহযোগীরা। সকাল পৌনে ৯ টার দিকে ডাম্পার গাড়িটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মাথা এলাকায় পৗছলে পার্বত্য জেলা বান্দবানের আলীকদম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সৌদিয়া পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্পার গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়ে ওই গাড়ির চালক ও হেলপারসহ দুইজনই ঘটনাস্থলে নিহত হয়। এ সময় দুর্ঘটনা কবলিত বাসটিও সড়কের পাশে খাদে পড়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ডাম্পার গাড়ির চালক ও হেলপারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়ি ও আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। পরে লাশ সনাক্তের পর নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.