চলতি সপ্তাহেই এইচএসসির ফল প্রকাশ

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০২ , ০৯:০৭ এএম

চলতি সপ্তাহেই এইচএসসির ফল প্রকাশ ছবি । সিটিজেন নিউজ

চলতি সপ্তাহেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। আগামী ৫-৬ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার পর ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করতে হয়। সোমবার (৪ জানুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হবে। সেখান থেকে নথিপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ৫ অথবা ৬ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। তখন এইচএসসির ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিডিউল পেলে আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ফল প্রকাশ করা হবে।

এইচএসসির গ্রেড মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ‌্যাপক নেহাল আহমেদ বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রস্তুত আছে। তবে অধ্যাদেশ জারি সংক্রান্ত জটিলতার কারণে তা প্রকাশ করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারির পর রেজাল্ট প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, বুধবার (৬ জানুয়ারি) রাষ্ট্রপতি মহোদয় অধ্যাদেশ জারি করবেন। এরপর আমরা রেজাল্ট প্রকাশ করব। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না।