রাজধানীতে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-৩১ , ১০:১৫ এএম

রাজধানীতে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত ছবি । সিটিজেন নিউজ

ঢাকায় গাড়িচাপায় পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে।

তিনি গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন। তিনি গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন। তার একটি কন্যাসন্তান রয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ সদরে।

পুলিশ সূত্র জানায়, কামরুল ইসলামকে রাত ১১টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরের কাছে দ্রুতগতির একটি গাড়ি চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। বিমানবন্দর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, কামরুলকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে এখনও গাড়িটি শনাক্ত করা যায়নি।