মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-৩০ , ০৮:২১ পিএম

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত সিটিজেন নিউজ

মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন উপজেলার হিজুলী এলাকায় এবং অপর ব্যক্তি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এবং গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আকবর আলী খান বলেন, সকালে একটি পিকআপ করে কাজে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় উপজেলার হিজুলী এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপটি উল্টে যায়। পিকআপের নিচে চাপা পড়ে সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক (৪০) মিয়া নিহত হন।

এদিকে গোলড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মনিরুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।