আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক ছিল: হেফাজত

 হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-২৩ , ০৩:৪০ পিএম

আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক ছিল: হেফাজত ছবি । সিটিজেন নিউজ

সাবেক আমির শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে দায়ের মামলাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে হেফাজতে ইসলাম। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে হাটহাজারী মাদরাসায় সংবাদ সম্মেলন করে আলোচিত ধর্মীয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শাহ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিল। যারা অস্বাভাবিক মৃত্যুর কথা বলে মামলা করেছে তারা চিহ্নিত দালালগোষ্ঠী। মামলার এজাহারে হত্যার যেসব কারণ উল্লেখ করা হয়েছে, সেগুলো অতিরঞ্জন ও মিথ্যাচারে পরিপূর্ণ।

একটি কুচক্রি মহল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের দুরভিসন্ধি করছে বলে দাবি অভিযোগ করেন হেফাজত নেতারা।

সংবাদ সম্মেলনে বাবুনগরী বলেন, ‘আল্লামা শফি যখন অসুস্থ হন তখন শূরা সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের উদ্দেশ্যে আমাদের এই সংবাদ সম্মেলন। এই মামলার যিনি বাদি ওনার নাম জানা আছে। এছাড়া ওনার কিছু সহযোগীর নাম আমরা জানি, তবে সবার নাম এই মূহুর্তে বলতে পারছি না’।