নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২২ , ১১:১৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
দিনাজপুরের ফুলবাড়ী রেল ক্রসিংয়ে মালবাহী ট্রেনের সাথে মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় রেলের গেটম্যান সুশান্ত কুমার রায় (৩২) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক সাইদুল ইসলাম (৩৪)। নিহত গেটম্যানের বাড়ী পাবনা জেলায়।
ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইসরাফিল সরকার জানান, সোমবার দিবাগত রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ছেড়ে আসা ২৩ আপ রকেট মেইল নামক ট্রেন ফুলবাড়ী ষ্টেশনের ১নং লাইনে প্রবেশ করে। কিন্তু এর ১ মিনিট পরে ১টা ৫ মিনিটে স্টেশনের অনুমতি না নিয়ে এমজিবিসি নামক মালবাহী ট্রেনটি ষ্টেশনের ১নং লাইনে প্রবেশের চেষ্টা করে।
ট্রেনটি পার্বতীপুর থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছিল। ষ্টেশন থেকে ৫০০ গজ উত্তর দিকে ফুলবাড়ী রেলঘুমটি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়া গামী (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ধান বোঝাই ট্রাকটি ওই রেল ক্রসিং পার হতে গেলে ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড কুয়াশা ছিল। এতে ট্রাকটি ছিটকে রাস্তার সাইডে গিয়ে পড়ে। এসময় ট্রাক চালক সাইদুল ইসলাম সামান্য আহত হন।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৭টায় ক্রেন যোগে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ানোর সময় ট্রাকের নিচে গেইট কিপার সুশান্ত কুমার দাসের লাশ পাওয়া যায়। দুর্ঘটনার পর থেকে ৫ ঘণ্টা ওই রেল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ২৩ আপ রকেট মেইল নামক ট্রেনটি ভোর ৬টা ১০ মিনিটে ২নং লাইন দিয়ে ছেড়ে যায়। সকাল ৮টায় মালবাহী ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ইসরাফিল সরকার জানান আরও জানান,যেহেতু এমজিবিসি মালবাহী ট্রেনটি ষ্টেশনে প্রবেশের অনুমতি ছিল না, তাই গেইট কিপার রেল-গেইট সিগন্যালটি নামায় নি। সেই সময় ওই রেল-গেইট দিয়ে কোন ট্রেন যাওয়ার কথা ছিল না। ট্রেন চালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। যদি এমজিবিসি ট্রেনটি ষ্টেশনের ১নং লাইনে প্রবেশ করতো তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতো।
এর আগে গত শনিবার জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়। জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল এবং সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.