রাজশাহীতে ৪ কোটি ১৮ লাখ টাকার হেরোইনসহ ২জন আটক

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২১ , ১০:০৯ এএম

রাজশাহীতে ৪ কোটি ১৮ লাখ টাকার হেরোইনসহ ২জন আটক

রাজশাহী নগরীতে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২০ ডিসেম্বর)রাতে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনের এই বিপুল চালানসহ তাদের আটক করে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

আটক দুজন হলেন জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) ও তার সহযোগী রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি (৩০)।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে র‌্যাব জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি প্যাকেটে থাকা ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।