কুষ্টিয়ায় আবারও ভাস্কর্য ভাঙচুর; আটক ৩

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-১৮ , ০২:৩৪ পিএম

কুষ্টিয়ায় আবারও ভাস্কর্য ভাঙচুর; আটক ৩ সিটিজেন নিউজ

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতের কোন এক সময়ে কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে অবস্থিত এই ভাস্কর্যের মুখের চোয়ালে ও নাকে আঘাত করে ভেঙে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বিষয়টি টের পান খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এই ঘটনার পেছনে দোষীদের খুঁজে বের করতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। 

আটককৃত তিন জন হলেন- নিয়ামুল হক চুন্নু (৫৫), কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ (৫৫), কয়া মহাবিদ্যালয়ের নাইট গার্ড খলিলুর রহমান (৪০)।

এ ঘটনায় বাঘা যতীন স্মৃতি রক্ষা পরিষদের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। 

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বাঘা যতীনের ভাস্কর্য ক্ষতিগ্রস্ত করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।