কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর ‘বালুর ভাস্কর্য’

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৬ , ০৫:৩১ পিএম

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর ‘বালুর ভাস্কর্য’ ছবি । সিটিজেন নিউজ

এ এক অন্যরকম মুহূর্ত। অন্যরকম প্রতিবাদ। বাঙালির গৌরবের দিনে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে উন্মুক্ত করা হল জাতির জনকের সর্ববৃহৎ বালুর ভাস্কর্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নির্মিত হয়েছে এই শিল্পকর্ম। যা রাখা হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

যার ডাকে বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনেন বাংলার দামাল ছেলেরা বিশ্বের দরবারে খচিত হয় এক নতুন মানচিত্রের, সত্যিই তো তিনি সাগরের চেয়ে বিশাল।

বিজয়ের পঞ্চাশ বছরে পা দিলো বাংলাদেশ। তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর এই বালুর ভাস্কর্য। যাতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কক্সবাজারে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

বুধবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকতা শেষে সকলের জন্য উন্মুক্ত করা হয় এ ভাস্কর্য। ব্যতিক্রমী এ শিল্পকর্ম দেখে মুগ্ধ দর্শনার্থীরা। সৈকতের লাবনী পয়েন্টে দুটি ভাস্কর্য নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিডটিউটের ১০ শিক্ষার্থী। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠীর সাম্প্রতিক আস্ফালনের প্রতিবাদে এই শিল্পকর্ম। যার উদ্যোক্তা ব্র্যান্ডিং কক্সবাজার।

জেলা প্রশাসনের সহায়তায় তৈরি এ শিল্পকর্মকে ঘিরে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে নানা কর্মসূচি।