গ্রামীণফোনের বিরুদ্ধে পুলিশের মামলা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-১৫ , ০৯:৫০ পিএম

গ্রামীণফোনের বিরুদ্ধে পুলিশের মামলা সিটিজেন নিউজ

সার্ভার থেকে তথ্য পাচার করে প্রতারক চক্রকে দেয়ার অপরাধে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ২৪। মামলায় গ্রামীণফোন লিমিটেড ছাড়াও কাস্টমার কেয়ারের একজন কর্মীসহ দুই জনকে আসামি করা হয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আসামিরা হলেন- গ্রামীণফোন লিমিটেড, রুবেল মাহমুদ অনীক ও পারভীন আক্তার।

মামলায় অভিযোগে বলা হয়, গ্রামীণফোন কর্তৃপক্ষের অব্যবস্থাপনার সুযোগ নিয়ে গ্রামীণফোন সার্ভিস সেন্টারে কর্মরত আসামি রুবেল মাহমুদ অনীক টাকার বিনিময়ে সংঘবদ্ধ বø্যাকমেইলিং চক্রটির মূলহোতা পারভীন আক্তার নুপুরকে তার চাহিদা মতো গ্রাহকদের সিম নিবন্ধন সংক্রান্ত ব্যক্তিগত তথ্য সরবরাহ করে। যে তথ্য ব্যবহার করে পারভীন আক্তার নুপুর চক্রের অন্য আসামিদের যোগসাজশে অসংখ্য লোককে ব্লাকমেইলিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

মামলার বাদী হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম বলেন, গ্রামীণফোন কাস্টমার সার্ভিস সেন্টারে কর্মরত রুবেল মাহমুদ অনীক টাকার বিনিময়ে গ্রাহকদের সিম রেজিস্ট্রেশনে ব্যবহৃত গোপনীয় তথ্য একটি সংঘবদ্ধ ব্লাকমেইলিং চক্রকে সরবরাহ করেছে। যে তথ্যগুলো ব্যবহার করে এই চক্রটি অসংখ্য লোককে ব্লাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। টার্গেট ব্যক্তিকে ফাঁদে ফেলার জন্য ব্লাকমেইলিং চক্রটির মূল অস্ত্রই হলো, গ্রামীণফোনের সিম রেজিস্ট্রেশনে ব্যবহৃত টার্গেট ব্যক্তির গোপনীয় তথ্য। গ্রামীণফোন গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও তিনি জানান।

এর আগে, গত সপ্তাহে তেজগাঁওয়ের গ্রামীণফোনের সার্ভিস সেন্টারে কর্মরত এক কর্মীর সহযোগিতায় সার্ভার থেকে গ্রাহকের তথ্য চুরি এবং তাদের ব্লাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ওই চক্রের নেতৃত্বে ছিলেন পারভীন আক্তার নুপুর নামে এক নারী। এই ঘটনায় হাতিরঝিল থানায় তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়। মামলাটি তদন্ত হচ্ছে।