ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-১২-১২ , ১১:১০ এএম

ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো ছবি: সিটিজেন নিউজ

২০২০ সালের দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার-এর পুরস্কারের জন্য তালিকা আরও ছোট করে এনেছে ফিফা। সংক্ষিপ্ত তালিকায় আছেন বায়ার্ন মিউনিখের রবার্তো লেভানদোভস্কি, জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বার্সেলোনার লিওনেল মেসি।

পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার (১১ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে এই তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ১১ জনের তালিকা থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে, থিয়াগো আলকান্তারা, কেভিন ডি ব্রুইন, সাদিও মানে, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ ও ভার্জিল ফন ডাইক।

বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা লেভানদোভস্কির সেরা তিনে থাকাটা ছিল অনুমিতই। গত মৌসুমে জার্মান দলটি যে দুর্বার হয়ে উঠেছিল, তার মূলে ছিল লেভানদোভস্কির অসাধারণ ধারাবাহিক পারফরম্যান্স। অপরাজিত থেকে তাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে আসরের সর্বোচ্চ ১৫ গোল করেন পোলিশ স্ট্রাইকার। আর বুন্দেসলিগায় করেন ৩৪ গোল।

সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে ২০১৯-২০ মৌসুমে ৫৫ গোল করা লেভানদোভস্কি এবার ব্যালন ডিঅর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৌসুমের অনেকটা সময় ভেস্তে যাওয়ার পর পুরস্কারটির ৬৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তা এবছর না দেওয়ার সিদ্ধান্ত জানায় ফ্রান্স ফুটবল'।

অবশ্য ফিফার দা বেস্ট পুরস্কারটি জিততে পারলে বর্ষসেরা ফুটবলার হওয়ার স্বপ্ন পূর্ণ হবে ৩২ বছর বয়সী তারকা এই স্ট্রাইকারের। আগামী ১৭ ডিসেম্বর ফিফা দা বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসে ঘোষণা করা হবে এবারের বর্ষসেরার নাম।

রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি অবশ্য গেল মৌসুমে দলগতভাবে তেমন কিছুই জিততে পারেননি। উল্টো কভিড-১৯ এর ছোবলে বিলম্বিত মৌসুমে তার দল বার্সেলোনার শেষটা হয় চরম বিপর্যয়ে। আগেভাগে কোপা দেল রে থেকে বিদায় নেওয়ার পর লা লিগায় ছন্দ হারিয়ে হারায় শিরোপা। সবশেষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে খালি হাতে মৌসুম শেষ করে মেসির বার্সেলোনা। ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য বেশ কিছু প্রাপ্তি ছিল তার, গড়েন নতুন কিছু রেকর্ডও। লিগে ৩৩ ম্যাচ খেলে ২৫ গোল করে জিতে নেন রেকর্ড সপ্তম পিচিচি ট্রফি।

দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো জুভেন্টাসের হয়ে গত মৌসুমে জিতেছেন সিরি আ শিরোপা। ক্লাবের টানা নবম লিগ জয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ গোল করেন তিনি, আসরে যা দ্বিতীয় সর্বোচ্চ।

গত বছর রোনালদো ও লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে হারিয়ে পুরস্কারটি জিতেছিলেন মেসি।