মামুনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-১০ , ০১:৪৮ পিএম

মামুনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাস্কর্যবিরোধী বক্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আইনজীবী আবদুল মালেক।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১/২৫/২৮ ও ৩১ ধারায় মামলাটি করেন তিনি।

আদালত মামলা গ্রহণের বিষয় এখনও কোনও আদেশ দেননি। এর আগে গত ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ণের অভিযোগে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা করেছিলেন আবদুল মালেক।

এ তথ্যের সত্যতা অ্যাডভোকেট আবদুল মালেক নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বাদী আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছি।

এর আগে গত সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আবদুল মালেক। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মামুনুল হক গত ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনের এক আলোচনা সভায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, লাশের পর লাশ পড়বে, তবুও বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেয়া হবে না। এ বক্তব্যের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।