ভোলায় বাস-সিএসজি সংঘর্ষে প্রধান শিক্ষকসহ ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-০৭ , ০৩:১১ পিএম

ভোলায় বাস-সিএসজি সংঘর্ষে প্রধান শিক্ষকসহ ২জন নিহত

ভোলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।সোমবার সকাল ১০টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে দুর্ঘটনাকবলিত বাসসহ ৩টি বাস ভাংচুর করে ও দুর্ঘটনাকবলিত বাসে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুর্ঘটনার পরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও ভোলা সদর থানার ওসি তদন্ত আরমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় ওসি তদন্ত আরমান হোসেন জানান, দুর্ঘটনায় ২ জন পুরুষ নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোলা বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা ব্যারিস্টারের কাচারি এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিমসহ (৪৫) দুই জন নিহত হন।

নিহত জসিম সদর উপজেলার চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অপর নিহতের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ২ জন হচ্ছেন আবুল কালাম বাচ্চু (৫৫) ও তামান্না (১৮)। অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।