বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

 রাঙামাটির প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-০৬ , ০৪:২২ পিএম

বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ছবি । সিটিজেন নিউজ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে রতন প্রিয় ধীমান চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রতন প্রিয় ধীমান চাকমা বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রতন প্রিয় ধীমান চাকমা জেএসএস (এমএনলারমা) দলের সমর্থক। তিনি নানিয়াচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় ছুটিতে বাড়ি এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। ঘটনার পর বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে যাচ্ছে।