আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-০১ , ০৮:১৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও নিহত ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১ ডিসেম্বর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সরকারের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার।
এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়ার আদেশ দিয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জনকে বিবাদী করে রুল জারি করেছিলেন। রুলে বলা হয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ টাকা প্রদানের পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ৩৭টি পরিবারের কাছে এ টাকা বিতরণ করবেন।
পরে ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে সরকার পক্ষ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ১৩ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান স্থগিতাদেশ দিয়ে আবেদন ১ ডিসেম্বর (মঙ্গলবার) শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন। সে অনুযায়ী আবেদনগুলো মঙ্গলবারের (১ ডিসেম্বর) কার্যতালিকায় ওঠে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রিট দায়ের করেছিলেন নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী মার-ই-য়াম খন্দকার।
চলতি বছরের ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। রাতেই দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন দগ্ধ ৩৪ জনের মৃত্যু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.