বরিশালকে হারিয়ে তৃতীয় জয় চট্টগ্রামের

 খেলাধুলা ডেস্ক:
আপডেট: ২০২০-১১-৩০ , ০৫:১৯ পিএম

বরিশালকে হারিয়ে তৃতীয় জয় চট্টগ্রামের ছবি । সিটিজেন নিউজ

গাজী গ্রুপ চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ফরচুন বরিশাল। এই ম্যাচেও ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ। শরিফুলের বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরেন তিনি। মিরাজ আউট হলে ইমনকে নিয়ে দলীয় সংগ্রহ বাড়াতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল।

দুই ব্যাটসম্যানের ৩৬ রানের জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ১৬ বলে ১১ রান করা ইমন ক্যাচ তুলে দেন উইকেটকিপার লিটনের হাতে। ইমনের বিদায়ের পর ক্রিকেট টিকতে পারেননি দলের অধিনায়ক তামিমও। স্ট্রেজিক টাইম আউটের পর মোসাদ্দেককে বোলিংয়ে আনেন চট্টগ্রামের অধিনায়ক মিঠুন। আর এতেই দলকে উইকেট এনে দেন মোসাদ্দেক।

৩২ বলে ৩২ রান করে মোসাদ্দেকের বলে আউট হন তামিম। দলের অধিনায়কের বিদায়ের পর খানিকটা ধুঁকতে হয় বরিশালকে। দলের যখন ওভার প্রতি ১০ রান করে প্রয়োজন তখন আগ্রাসী ব্যাট করেন দুই ব্যাটসম্যান আফিফ এবং তৌহিদ হৃদয়। তবে এই দুইজনের জুটিও বেশিক্ষণ টিকেনি। ১৫তম ওভারে সৌম্যর প্রথম দুই বলে ১০ রান নিলে তৃতীয় বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ১০ বলে ১৭ রান করা তৌহিদ।

তৌহিদের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরেন ইরফান শুক্কুরও। চট্টগ্রামকে উইকেট এনে দেন মুস্তাফিজ। শুক্কুরের বিদায়ের পর ব্যাটিংয়ে আরও চাপে পড়ে বরিশাল। দলীয় ১১০ রানে শরিফুলের বলে বোল্ড হন ২৪ রান করা আফিফ। নিজের দ্বিতীয় উইকেট পান দলীয় ১২০ রানে। অঙ্কনকে সাজঘরে ফেরান তিনি।

অঙ্কনের বিদায়ের পর বরিশাল পরাজয় ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত ১৪১ রানেই থামে ফরচুন বরিশালের ইনিংস। এর ফলে  ১০ রানের জয় পায় গাজী গ্রুপ চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট লাভ করেন দুই বাঁহাতি পেসার মুস্তাফিজ এবং শরিফুল।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে গাজী গ্রুপ চট্টগ্রাম। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৩৫ রান করেন লিটন। শেষদিকে সৈকত আলীর ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু পুঁজি সংগ্রহ করে চট্টগ্রাম। বরিশালের হয়ে বল হাতে ৪২ রান দিয়ে দুই উইকেট নেন আবু জায়েদ।

সংক্ষিপ্ত স্কোরঃ

গাজী গ্রুপ চট্টগ্রাম ১৫১-৭ (ওভার ২০)

লিটন ৩৫, মোসাদ্দেক ২৮, সৈকত ২৭: আবু জায়েদ ২-৪২

ফরচুন বরিশাল ১৪১-৮ (ওভার ২০)

তামিম ৩২, আফিফ ২৪: মুস্তাফিজ ৩-২৩

ফলাফলঃ ১০ রানে জয়ী চট্টগ্রাম