সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৯ , ০৪:৪৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হানের দ্বিতীয় দফা ময়নাতদন্তের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অতিরিক্ত আঘাতের কারণেই মারা যান রায়হান। এছাড়া নির্যাতনের সময় রায়হানের দুইটি নখও উপড়ে ফেলা হয়েছে।
পিবিআইকে হস্তান্তর করা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ভিসেরা রিপোর্টে বলা হয়েছে। নিহত রায়হানের শরীরে বিষক্রিয়ার আলামত পাওয়া যায়নি। অতিরিক্ত আঘাতের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম।
তিনি বলেন, ‘২৬ নভেম্বর ওই রিপোর্টটি মামলার তদন্তকারি সংস্থা পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে।’
ডা. শামসুল ইসলাম আরও বলেন, ‘প্রথম ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে এ রিপোর্টের মিল আছে। ভোঁতা অস্ত্রের অতিরিক্ত আঘাতে শরীরে জখম হয়েছে এবং অতিরিক্ত জখমের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে।’
এর আগে, গত ১৫ অক্টোবর পুলিশের কাছে হস্তান্তর করা প্রথম ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয় রায়হানের শরীরে ১৪টি গুরুতরসহ ১১১টি আঘাতের চিহ্ন আছে।
সেদিনই রায়হানের মরদেহ কবর থেকে তুলে দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এবং ডা. শামসুল ইসলামকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোর রাতে বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির এক ঘণ্টা পর মারা যান নগরীর নেহারীপাড়ার বাসিন্দা রায়হান আহমেদ (৩৩)।
ঘটনার পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নগরের কাস্টঘরে গণপিটুনিতে রায়হান নিহত হন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যান রায়হান।
ঘটনার পরদিন পুলিশ ফাঁড়িতে হত্যার বিষয় উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার।
পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
তদন্তে ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌওহিদ মিয়া ও কনস্টেবল টিটু চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়।
একইসঙ্গে প্রত্যাহার করা হয় এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে।
তাদের সবাইকে পুলিশ লাইনে যাওয়ার নির্দেশ দিলে বাকিরা গেলেও পালিয়ে যান এসআই আকবর হোসেন ভুঁইয়া।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.