নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-২৮ , ১০:৩৪ এএম
ছবি । সিটিজেন নিউজ
কৃষকদের প্রযুক্তিগত কলা-কৌশল আর উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠছে লেবু চাষ। দেশে অনেক জাতের লেবু চাষ হচ্ছে। এর মধ্যে কাগজি লেবু, পাতি লেবু, এলাচি লেবু, বাতাবি লেবু ও হাইব্রিড নতুন জাতের সিডলেস (বীজহীন) লেবু উল্লেখযোগ্য। তবে ফলন ও দাম বিবেচনায় শেরপুর জেলার নকলা উপজেলায় সিডলেস লেবুর আবাদ দিন দিন ব্যাপকহারে বাড়ছে।
লেবুতে লাভ বেশি হওয়ায় কৃষক অন্য আবাদ ছেড়ে এ লেবু চাষে ঝুঁকছেন। সিডলেস লেবু চাষে এক বছরের আয় দিয়েই ব্যয় উঠে যাওয়ায়, দ্বিতীয় বছর থেকে লাভের পরিমাণ বাড়তে থাকে।
লেবু চাষিরা জানান, লেবুর বাগান সাধারণত বাড়ির আশেপাশে থাকায় বাগান পরিচর্যায় স্ত্রী ও সন্তানরা সহযোগিতা করার সুযোগ পায়, ফলে শ্রমিক ব্যয় কম হয়। তারা জানান, লেবু বাগানের আয় দিয়েই তাদের সংসারের সব খরচ চলে। তারা প্রত্যেকেই আজ স্বাবলম্বী হয়েছেন। রোপণের বছর বাদে প্রতি বছর একবার ডালপালা ছাটাই, মাটি কোপানো, প্রতি ৩ মাসে একবার নিড়ানি ও ২ থেকে ৩ মাস অন্তর সেচ ও সামান্য জৈব সার ব্যবহার ছাড়া আর কোন খরচ হয় না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, উপজেলায় অন্তত ৩০ হেক্টর (৮৫ একর থেকে ৯০ একর) জমিতে লেবু চাষ করা হয়েছে। তিনি বলেন, সারা বছর ফলন দেওয়া অধিক ভিটামিন-সি সমৃদ্ধ প্রচুর রস ও সু-ঘ্রণযুক্ত হাইব্রিড জাতের এ বীজ বিহীন (সিডলেস) লেবুর ব্যাপক চাহিদা থাকায় ও দাম ভালো পাওয়ায় লেবু চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
সঠিক সময়ে সঠিকভাবে লেবু বাগানের বা গাছের পরিচর্যা করলে একবার চারা রোপণের পর ১৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। অধিক লাভজনক এ লেবু বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে বানিজ্যিক ভাবে চাষ করে যে কেউ স্বাবলম্বী হতে পারেন বলে তিনি মনে করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.