কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-২৬ , ০৪:২২ পিএম

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু ছবি । সিটিজেন নিউজ

লালমনিরহাটের কালীগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইক চালকসহ পাঁচজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার চৌধুরীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার ভোটমারি গ্রামের অটোচালক বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম ও তার পাঁচ বছরের ছেলে সাজেদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজস্ব ইজিবাইকে করে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ স্বজনকে দেখতে যাচ্ছিলো মঞ্জিলার পরিবার। এসময় চৌধুরীর মোড় এলাকায় পৌঁছালে একটি বাস তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জিলা বেগম মারা যান। পরে মঞ্জিলা বেগমের শিশু সন্তানসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মঞ্জিলার ছেলে সাজেদুল ইসলামকে মৃত ঘোষণা করে। এদিকে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।