দলে থাকবে না নেইমার

 খেলাধুলা ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৪ , ০৫:২৯ পিএম

দলে থাকবে না নেইমার ছবি । সিটিজেন নিউজ

আগামী সপ্তাহে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচটিতেও খেলতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। কুঁচকির ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সময় নেইমার ইনজুরিতে পড়েছিলেন।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছেন মঙ্গলবার মন্টিভিডিওতে তারা নেইমারকে দলে পাচ্ছেনা।

এদিকে পিএসজি কোচ থমাস টাচেল গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন যে ধরনের ইনজুরিতে নেইমার পড়েছেন তাতে তার পক্ষে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলা প্রায় অসম্ভব। এরপরেও ব্রাজিলিয়ান কোচ তিতে তাকে দলে রেখেছিলেন। 

শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতেও ছিলেন না নেইমার। ব্রাজিলের দলীয় চিকিৎসক রডরিগো লাসমার বলেছেন, মাত্র চারদিনের মধ্যে এই ধরনের ইনজুরি থেকে সেড়ে ওঠা সম্ভব নয়। এরই মধ্যে অবশ্য পরবর্তী ম্যাচের জন্য ফ্ল্যামেঙ্গো স্ট্রাইকার পেড্রোকে দলে ডেকেছেন তিতে। তবে তিনি নেইমারকে দল থেকে বাদ দেননি।

বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল থেকে আগেই বাদ পড়েছিলেন ইনজুরি আক্রান্ত দুই মিডফিল্ডার ফিলিপ কুটিনহো ও ফ্যাবিনহো এবং ডিফেন্ডার রডরিগো কাইয়ো। অন্যদিকে কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় দুই ডিফেন্ডার এডার মিলিটাও ও গ্যাব্রিয়েল মেনিনোও দলের বাইরে রয়েছেন।