শার্শায় ১১ কেজি রুপাসহ একজন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-০৮ , ০৩:৪৮ পিএম

শার্শায় ১১ কেজি রুপাসহ একজন আটক ছবি । সিটিজেন নিউজ

সীমান্ত পথে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি রুপাসহ আলী হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।রোববার (০৮ নভেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়ার জিবলিতলা নামক স্থান থেকে পুলিশ তাকে আটক করে।

আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, সীমান্ত পথে রুপার একটি চালান পাচারের চেষ্টা চলছে- এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে আলী হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সাড়ে ১১ কেজি রুপা পাওয়া যায়।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে এ রুপার চালানটি এনে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন ওই পাচারকারী।