খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৪ , ০৯:৪৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
রিয়াল মাদ্রিদ আর ইন্টার মিলান চ্যাম্পিয়নস লিগে সবশেষ একে অন্যের মুখোমুখি হয়েছিল ২২ বছর আগে। দুই দলের কোচ আন্তোনিও কন্তে আর জিনেদিন জিদান তখনও ছিলেন একে অন্যের সতীর্থ। আর রদ্রিগো ও ভিনিসিয়াস তখনও পৃথিবীর মুখ দেখেননি। জিদান-কন্তে পয়েন্ট ভাগাভাগির দিকেই এগুচ্ছিলেন। কিন্তু তরুণ দুই ব্রাজিলিয়ান শেষ পর্যন্ত কন্তের হাসি ম্লান করে দিয়েছেন।
দুইজনই মাঠে নেমেছিলেন ৬৪ মিনিটে। ৮০ মিনিটে বাম প্রান্ত থেকে বক্সের ঠিক ভেতরে নিচু ক্রস করেছিলেন ভিনিসিয়াস। রদ্রিগো ডান পায়ের শটে এরপর বল জড়িয়েছেন টপ কর্নারে। ভালদেবাবাসে এর আগ পর্যন্ত ইন্টারই চোখ রাঙাচ্ছিল রিয়ালকে। দুই গোলে পিছিয়ে থাকা ম্যাচে ইন্টার ফিরে এলেও রদ্রিগোর ওই গোল আর শোধ করা হয়নি তাদের। পাঁচ গোলের রোমাঞ্চে ৩-২ এ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে রিয়াল।
এদিন এডেন হ্যাজার্ড ও টনি ক্রুসের সমন্বিত চেষ্টায় রিয়াল প্রথম সুযোগ তৈরি করে। ৪ মিনিটে বক্সের মধ্যে থেকে হ্যাজার্ডের পাসে লক্ষ্যে শট নেন মার্কো আসেনসিও। কিন্তু গোলকিপার সামির হান্দানোভিচ বল ক্রসবারে উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান। ক্রুসের পাস থেকে ৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের শক্তিশালী শট বারের উপর দিয়ে যায়।
ইন্টার গোলের সুযোগ পায় ১০ মিনিটে। রিয়াল বলের দখল হারালে ইভান পেরিসিচ বক্সে লাউতারো মার্তিনেজকে খুঁজে নিয়ে পাস দেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট ডান হাত দিয়ে ঠেকান থিবো কোর্তোয়া। পরের মুহূর্তে আচরাফ হাকিমির নিচু শটের বল গোলমুখের সামনে পান পেরিসিচ। তবে চ্যালেঞ্জের মুখে পড়ে বল ভাসিয়ে দেন বারেয়ার দিকে। তার হেড লক্ষ্যে ছুটলেও কোর্তোয়া দক্ষতার সঙ্গে বল আটকান। ১৪ মিনিটে ২০ গজ দূর থেকে আর্তুরো ভিদালের রকেট গতির শট বাঁ পোস্ট ঘেষে বাইরে গেলে ফের হতাশ হতে হয় ইন্টারকে।
২৩ মিনিটে ভালভার্দের হাফ ভলি বারের উপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর রিয়ালকে গোলের সুযোগ করে দেয় ইন্টার। হাকিমি মাঝমাঠ থেকে হান্দানোভিচের দিকে বল পাঠান। আগেই তা আন্দাজ করতে পেরে বল দখলে নেন বেনজেমা এবং ইন্টার গোলরক্ষককে বোকা বানিয়ে খালি জালে সহজেই বল জড়ান।
৩৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে নেওয়া ক্রুসের কর্নার কিক থেকে চতুর হেডে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস, সব ধরনের প্রতিযোগিতায় এটি ছিল রিয়ালের হয়ে স্প্যানিশ ডিফেন্ডারের শততম গোল।
অবশ্য দুই মিনিট পর ব্যবধান কমায় ইন্টার। বারেয়ার পাস থেকে মার্তিনেজের দারুণ ফিনিশিংয়ে স্কোর ২-১ করে তারা। বিরতি থেকে ফিরে রিয়ালের বক্সে আক্রমণ চালালেও জমাট রক্ষণভাগের সঙ্গে পেরে উঠছিল না ইন্টার। শেষ পর্যন্ত তারা সমতা ফেরায় ৬৮ মিনিটে। ব্রোজোভিচের পাস থেকে মার্তিনেজ বল দেন পেরিসিচের সামনে। তার হাফ ভলি দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ হয়।
দুই মিনিট পর ক্রুসের লম্বা শট সহজে ঠেকান হান্দানোভিচ। ৭৫ ও ৭৬ মিনিটে মার্তিনেজ ও পেরিসিচের শট বারের পাশ দিয়ে যায়। এই সুযোগ নষ্টের খেসারত দেয় ইন্টার।
৮০ মিনিটে বাঁ প্রান্ত থেকে মাপা শটে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে রিয়ালকে এগিয়ে দেন রোদ্রিগো। তাতে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পায় ১৩ বারের চ্যাম্পিয়নরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.