কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২২ , ০৯:৩২ এএম

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ছবি: সিটিজেন নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্ন সংলগ্ন এলাকায় লরিচাপায় হুমায়ুন কবীর (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় এবং পরিবারসহ কুমিল্লায় বাসাভাড়া নিয়ে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্ন সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরির চাপায় ঘটনাস্থলেই রিকশাচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত রিকশাটি উদ্ধার করে এবং লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ব্যাপারে ময়নামতি হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, ময়নাতদন্ত শেষে লাশ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় বুধবার সন্ধ্যায় চার লেনের উল্টোপথে বৈদ্যুতিক খুঁটি ঠেলাগাড়িতে করে নিয়ে আসার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় জাহিদুল ইসলাম (২৬) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি বসানোর জন্য কয়েকজন শ্রমিক বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় একটি ঠেলাগাড়িতে বৈদ্যুতিক খুঁটি নিয়ে চার লেনের ঢাকাগামী অংশ দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক পিলারসহ ঠেলা গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল নামের এক শ্রমিক নিহত ও আরও দুজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় পথচারীরা চালকসহ ট্রাকটি আটক করে। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।