কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১০-২১ , ০১:৫৯ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলা সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকায় বিজিবির সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এ সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ একটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আদহাম (২৩)। তিনি নাইক্ষ্যংছড়ির তুমব্রুর কোনারপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাসেমের ছেলে।
কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, বুধবার (২১ অক্টোবর) ভোরে খবর আসে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের বাইশফাঁড়ি বিওপি এলাকা দিয়ে মাদকের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ি বিওপির দুইটি আভিযানিক টহল দল বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি মক্করটিলার উত্তর দিকে রাস্তার ঢালুতে অবস্থান নেয়।
ভোর আনুমানিক ৪টার দিকে ১০-১২ জনের একদল লোককে পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে তারা। এ সময় টহল দলও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার সময় জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গোলাগুলির সময় বিজিবি দুই সদস্য আহত হন। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.