ময়মনসিংহে এএসপিটিএস কমপ্লেক্স উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-১৩ , ০৫:০৫ পিএম

ময়মনসিংহে এএসপিটিএস কমপ্লেক্স উদ্বোধন ছবি: সিটিজেন নিউজ

ময়মনসিংহের ত্রিশালে সামরিক প্রশিক্ষণ এলাকায় আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস (এএসপিটিএস) এর নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুইচ টিপে ও কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে সেনাপ্রধান বলেন, এখানে সেনা সদস্যদের ফিটনেস ও খেলাধুলায় পারদর্শি করার জন্য দক্ষ প্রশিক্ষক তৈরি করা হবে। এএসপিটিএস দেশীয় প্রশিক্ষনার্থী ছাড়াও বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীদেরও প্রশিক্ষণ দেয় বলেও তিনি জানান।

এএসপিটিএস বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়া বিষয়ক একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিক প্রশিক্ষণ ও ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে ১৯৭৯ সালের ২৫ মে রাজশাহী সেনানিবাসে এএসপিটিএস  প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৯ সালের ৪ ডিসেম্বর ঢাকা সেনানিবাসে আর্মি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠানটি স্থানান্তরিত করা হয়। এএসপিটিএস প্রতি বছর শারীরিক ও ক্রীড়া বিষয়ক বিভিন্ন প্রকার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও অন্যান্য আধাসামরিক বাহিনীর সদস্যদের শারীরিক ক্রীড়া বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক তৈরি করতে সহায়তা করে।

উল্লেখ্য, এএসপিটিএস দেশীয় প্রশিক্ষণার্থী ছাড়াও বিভিন্ন বন্ধু প্রতীম দেশ যেমন- শ্রীলংকা, সুদান, নেপাল ও প্যালেস্টাইনের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেছে। ঢাকা সেনানিবাসে শারীরিক ও ক্রীড়া বিষয়ক প্রশিক্ষণ পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গা এবং প্রয়োজনীয় অবকাঠামো অপ্রতুলতার জন্য একটি অত্যাধুনিক সুযোগ- সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এএসপিটিএসকে একটি সুবিধাজনক এলাকায় স্থানান্তরের পরিকল্পনা করা হয়। এরই প্রেক্ষিতে ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা ও বিভিন্ন পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।